যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আজগর আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।

রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার এড়েন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

যশোরে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এলাকাবাসীর গণপিটুনির সংবাদ পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আহত আজগরকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গণপিটুনির শিকার আজগরের স্ত্রী বিদেশে (ওমানে) শ্রমিক হিসেবে কাজ করেন। তবে বড় ছেলে মিলন স্ত্রীকে বাড়িতে রেখে রাজমিস্ত্রির কাজের জন্য খুলনা যায়।

এরই মধ্যে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে বাড়িতে কেউ না থাকায় আজগর তার পুত্রবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। লজ্জায় পরদিন সকালে পুত্রবধূ বাবার বাড়ি ঝিকরগাছা উপজেলার বোধখানা গ্রামে চলে যান।

পরবর্তীতে এ খবরটি রোববার (১৬ আগস্ট) গ্রামে ছড়িয়ে পড়লে আজগর বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় রোববার রাতে তার ছোট ছেলে সুমন বাবাকে আটকে পেটানো শুরু করে। খবর পেয়ে গ্রামের লোকজন এসে আজগরকে গণপিটুনি দেয়।

পরবর্তীতে পুলিশ খবর পেয়ে রাতে আজগরকে আটক করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এমকে