সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় এই নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৮ জুন পর্যন্ত।
আজ (বুধবার) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এই৩ সিটি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। প্রতিদ্বন্দ্বীরা আজ বুধবার থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
এই সিদ্ধান্ত আগে নেওয়া হলেও আজ ইসি আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের তফসিল ঘোষণা করে।
তফসিল অনুযায়ী, ২৮ জুন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়ন বাছাইয়ের তারিখ ১-২ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই। এরপর ভোট ৩০ জুলাই। এই তিন সিটির আগে ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। গত ১৫ মে খুলনা সিটির সঙ্গে গাজীপুরে ভোট হওয়ার কথা থাকলেও আদালতের আদেশে তা আটকে গিয়েছিল।
ইসি সচিব বলেন, নির্বাচনে বরিশাল, সিলেট ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া, রাজশাহী ও বরিশালে ১০ জন করে এবং সিলেট সিটি করপোরেশনে ৯ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
হেলালুদ্দীন আহমদ জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৬টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। এ ৩ সিটিতেও ইভিএম ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। তবে কয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে তা কমিশন সিদ্ধান্ত নেবে।
এই সিটি নির্বাচনের পর চলতি বছরের ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন করতে হবে ইসিকে।
এমবি





