ভূমিকম্পে চট্টগ্রামের হালিশহর বি-ব্লকের হেলেপড়া দুটি ভবন ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তিন সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন শেষে এ নির্দেশ দেন।

বুধবার চট্টগ্রামসহ সারাদেশে প্রবল ভূকম্পনের পর সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম তাৎক্ষণিকভাবে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

ভূকম্পন-পরবর্তী হেলেপড়া ভবনের বর্তমান অবস্থা এবং করণীয় নির্ধারণে গঠিত এই পরিদর্শন কমিটির প্রধান করা হয়েছে সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ (ভারপ্রাপ্ত) মো. শাহীনুল ইসলাম খানকে। কমিটির অপর সদস্যরা হলেন দুই কর্মকর্তা মো. শামীম ও মো. ইলিয়াছ।

তিন সদস্যের কমিটি আজ সকাল থেকে নগরের চান্দগাঁও, হালিশহর, জুবিলি রোড, আমতলাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্পে হেলেপড়া ভবনের স্থিরচিত্র ধারণ করেছে। পাশাপাশি ভবনগুলোর নির্মাণগত ত্রুটির বিষয়গুলোর খোঁজ-খবর নেয়।

এ ব্যাপারে কমিটির প্রধান মো. শাহীনুল ইসলাম খান বলেন, নয়টি ভবনই কম-বেশি হেলে পড়েছে। আবার এদের বেশির ভাগই সিডিএর নির্ধারিত নির্মাণ বিধিমালা মানেনি। হালিশহর বি-ব্লকের পাশাপাশি দুটি সাততলা এবং ছয়তলা ভবন পরস্পরকে এক ইঞ্চি জায়গাও ছেড়ে দেয়নি। এই ভবন দুটিকে আমরা লাল কালি দিয়ে চিহ্নিত করে ভবন মালিকদের ভেঙে ফেলার নির্দেশ দিয়েছি। যদি ভাঙা না হয় তাহলে সিডিএ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, ভূমিকম্পের পর বৃহস্পতিরার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে খবর নিয়ে, ফায়ার সার্ভিস বিভাগ ও পুলিশের তথ্য মতে নগরীর বিভিন্ন স্থানে নয়টি ভবন হেলে পড়েছে।

 

এমআইএস।