ঝালকাঠির রাজাপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হালিম খলিফা (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন।
সোমবার (১৭ মে) রাত ৮টার দিকে উপজেলার চরহাইলাকাঠি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হালিম খলিফা মঠবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি একই এলাকার বাসিন্দা।
আহতরা হলেন- নিহত আওয়ামী লীগ নেতা হালিম খলিফার স্ত্রী সুখী বেগম, তার দুই শ্যালক লিটন তালুকদার ও সাইফুল তালুকদার।
এই ঘটনায় মন্টু খলিফা (৪৫) ও সেলিম খান (৬০) নামে দুজনকে আটক করা হয়েছে।
নিহতের শ্যালক সাইফুল তালুকদারের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ মন্টু খলিফা, তুহিন খান, সেলিম খানসহ ২০ জন ধারালো অস্ত্র দিয়ে হালিম খলিফা ও তার স্ত্রী সুখী বেগমকে কুপিয়ে জখম করে।
খবর পেয়ে বোন ও ভগ্নিপতিকে রক্ষায় এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত সাড়ে ৮টার দিকে হালিম খলিফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পাশাপাশি আহতদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মন্টু ও সেলিম নামে দুজনকে আটক করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।
এমবি





