২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কোপ-২৫) অংশ নিতে রোববার (১ ডিসেম্বর) স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্পেনের রাজধানী মাদ্রিদে ২ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব তথ্য জানান।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি স্পেনের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও জলবায়ু বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের অবস্থান বিষয়ক বক্তব্য দেবেন। তিনি জলবায়ু সংক্রান্ত বাংলাদেশের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরার পাশাপাশি জলবায়ু সংক্রান্ত ম্যান্ডেট আরও শক্তিশালী করার মাধ্যমে আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবেন।
ড. মোমেন বলেন, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, পারস্পরিক সহযোগিতা বিশেষ করে জলবায়ু পরিবর্তন, ডেটা প্ল্যান ২১০০ বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
এএস





