পদ্মা নদীর লৌহজং টার্নিং পয়েন্টে স্পিডবোট উল্টে নিখোঁজ শরীয়তপুরের জাজিরা উপজেলা বিএনপির সভাপতি শিকদার ইকবাল মাহমুদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে লাশটি শিমুলিয়া ফেরিঘাট এলাকায় ভেসে উঠলে নৌ পুলিশ উদ্ধার করে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরজিৎ কুমার ঘোষ জানান, লাশটি উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পারিবারিকভাবে জানা যায়, বিএনপি নেতা ইকবাল মাহমুদ ৩ সন্তানের জনক। তাঁর বড় মেয়ে ইশাত, মেজো মেয়ে বেনজির ও ৪ মাস বয়সী ছেলে আলী ইনজাম।

গত বুধবার দুপুরে ঢাকা থেকে বাড়ি উদ্দেশে রওনা হন ইকবাল। পদ্মা নদী পার হওয়ার জন্য তিনি মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে স্পিডবোটে করে শরীয়তপুরের মাঝিরঘাটের উদ্দেশে রওনা দেন। পথে ঝড়ের কবলে পড়ে স্পিডবোট উল্টে তিনি নিখোঁজ হন।

এ ঘটনায় এর আগে লাবীব হালদার (১১) ও বাকেলা (৪০) নামের দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া তাহমিনা আক্তার (১১) নামের এক স্কুলযাত্রী এখনো নিখোঁজ রয়েছে।

এমবি