ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে কুমার নদীর তীরে পক্ষকালব্যাপী জসীম পল্লিমেলার পর্দা উঠছে আজ শনিবার সন্ধ্যায়। বর্ণাঢ্য এই মেলার উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এরই মধ্যে মেলার প্রস্তুতি সম্পন্নপ্রায়। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। ১ জানুয়ারি পল্লি কবি জসীমউদ্‌দীনের জন্মবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। এ বছর ১০ জানুয়ারি থেকে মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

মেলায় এ বছর দুই শতাধিক স্টল স্থাপন করা হয়েছে। এ সকল দোকানে থাকবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি কুটির শিল্প সামগ্রীসহ আসবাবপত্রের সমাহার।

মেলার প্রধান আকর্ষণ হিসেবে থাকবে প্রতিদিন জসীম মঞ্চে জারি-সারি, মুর্শিদি-ভাটিয়ালি, কবি গানসহ নানা পরিবেশনা। এতে সারা দেশের সাংস্কৃতিক কর্মীদের মধ্যে বন্ধন সুদৃঢ় হওয়ার পাশাপাশি সমাজও উপকৃত হয় বলে মনে করেন সাংস্কৃতিক কর্মীরা।

এদিকে জেলার অন্যতম এ বিনোদন ব্যবস্থাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত বিনোদনপ্রেমীরা। আবার অনেকেই দাবি করেন, অবিলম্বে নবনির্মিত জসীমউদ্‌দীন সংগ্রহশালা খুলে দেয়ার। যদিও দ্রুতই এ সংগ্রহশালা খুলে দেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী।

সাহিত্যসেবীরা মনে করেন, গ্রামীণ জীবনকে উপজীব্য করে অসংখ্য কবিতা রচনার মাধ্যমে বাংলার গণ মানুষের হ্রদয়ে স্থান করে নিয়ে জসীমউদ্‌দীন অর্জন করেছেন পল্লিকবির খেতাব। কবিতার মাধ্যমে মানুষের হৃদয়ে ভাস্বর হয়ে আছেন। দেশের প্রত্যন্ত এলাকা থেকে আজো কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কবির বাড়িতে প্রতিনিয়ত ছুটে আসে মানুষ।

ফরিদপুর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেকটর মনদিপ ঘরাই জানান, আনন্দ আয়োজনকে উপভোগ করতে দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে লাখো মানুষ। বিপুল সংখ্যক দর্শনার্থীর নিরাপত্তা রক্ষায় ব্যবস্থা নেয়া হয়েছে। একই সঙ্গে মেলার ঐতিহ্য রক্ষায় থাকছে সার্কাসসহ নানা আয়োজন।

কেএইচ