ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুরে বালুভর্তি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক নারীসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রামপুর গ্রামের সাত্তার ও বাউপুর গ্রামের কলিম উদ্দিন, একই এলাকার ছালাম নবী, সোহরাব উদ্দিন ও মিনা বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে বালিপাড়া যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক সাত্তার ও যাত্রী কলিম উদ্দিন নিহত হন। এ সময় আহত হন আরও তিনজন।

স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর সেখানে মারা যান ছালাম নবী, সোহরাব উদ্দিন ও মিনা বেগম।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ত্রিশাল স্টেশন অফিসার রিয়াজুদ্দিন জানান, উদ্ধার তৎপর শেষে নিহতদের লাশ থানায় পাঠানো হয়েছে।

এমআর