শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর (৮) জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
বিকেল সাড়ে ৫ টার দিকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয় ছোট্ট জায়ান।
এর আগে আজ (২৪ এপ্রিল) বুধবার বিকেল ৫ টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে অনুষ্ঠিত হয় জায়ানের জানাজা। জানাজা পড়ান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম।
আদরের নাতি জায়ানের মরদেহ শেষবারের মতো দেখতে বুধবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার পর বনানীতে শেখ সেলিমের বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি শেখ সেলিমসহ তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন জায়ানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
জানাজায় অংশ নেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) ফারুক খান, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, শেখ ফজলে নূর তাপস, আকবর খান পাঠান ওরফে ফারুক, মোস্তফা জালাল মহিউদ্দিন, ডা. এনামুর রহমান, মেয়র আতিকুল ইসলাম প্রমুখ।
তার আগে বুধবার দুপুর পৌনে ১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের বিমান ইউএল-১৮৯ ফ্লাইটে জায়ানের মরদেহ দেশে আসে। তবে আহত স্বামী জায়ানের বাবা মশিউল হক চৌধুরীর সঙ্গে রয়ে গেছেন জায়ানের মা শেখ আমেনা সুলতানা সোনিয়া।
গত ২১ এপ্রিল (রোববার) শ্রীলঙ্কায় চালানো সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছেন। এর দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলায় আহত হন অন্তত পাঁচ শতাধিক মানুষ। সেদিন সকালে শ্রীলঙ্কার ৩টি গির্জা, ৩টি বিলাসবহুল হোটেল ও ২টি স্থাপনায় সিরিজ বোমা হামলা চালানো হয়। নিহতদের মধ্যে অন্তত ৩৮ জন বিদেশি নাগরিক।
এমবি





