গাজীপুরের শ্রীপুরে অটো স্পিনিং মিলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) দুপুর দেড়টা থেকে রাত ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। আগুনে ওই গুদামে থাকা তুলাসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে।
নিহত নিরাপত্তাকর্মীর নাম মো. রাসেল মিয়া (৪৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উলুন এলাকার আলাউদ্দিনের ছেলে। তিনি ওই কারখানার কোয়ার্টারে থেকে নিরাপত্তাকর্মীর কাজ করতেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল, শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জীবন কুমার বিশ্ব শর্মা ও স্থানীয়রা জানান, নয়নপুর এলাকার অটো স্পিনিং মিলের তুলার গুদামে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। এসময় ফায়ার অ্যালার্ম বেজে উঠলে কারখানার কর্মীরা হুড়োহুড়ি করে কারখানা থেকে বেরিয়ে আসেন। হুড়োহুড়ি করে বের হতে গিয়ে অন্তত পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। কারখানার কর্মী ও স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের শ্রীপুর, জয়দেবপুর ও ভালুকা স্টেশনের ১০টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করেন। পানি সংকট ও কারখানার অভ্যন্তরীণ রাস্তা সংকীর্ণ হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়। বিকেলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পানি সংকটের কারণে আগুন আবারো ভয়াবহ আকার ধারণ করে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর জন্য কাজ করছেন।
কারখানার মহাব্যবস্থাপক (জিএম) হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে কিছুই জানা যায়নি। আগুনে গুদামের প্রচুর তুলা পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণও জানা যায়নি। এ ঘটনায় একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।
এমবি





