গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মনজুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় সাবেক এমপি কাদের খানের ‘সোর্স’ সুবল চন্দ্র সরকার ওরফে সুবল কসাইকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে রংপুরের একটি ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করে বেলা ১১টার দিকে গাইবান্ধায় নেওয়া হয়।
জানা গেছে, সুবল এমপি লিটন হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ কাদের খানের অন্যতম ‘সোর্স’ এবং পেশায় একজন মাংস বিক্রেতা (কসাই)।
লিটন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার মেহেদী হাসানের দেওয়া তথ্য অনুযায়ী, সুবল সাবেক এমপি কাদেরের সোর্স হিসেবে কাজ করতেন এবং এমপি লিটনের গতিবিধি সম্পর্কে তাদের তথ্য দিতেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, গত ১৪ ফেব্রুয়ারি পিত্তথলির পাথর অপারেশনের জন্য সুবল রংপুরের ওই ক্লিনিকে ভর্তি হন।
চিকিৎসাধীন অবস্থায় ওই ক্লিনিকে কয়েক দিন থেকে তাকে নজরবন্দী করে রাখা হয়েছিল।
আজ তাকে গ্রেফতার করে গাইবান্ধায় নেওয়া হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
এমবি





