যশোরের চৌগাছা উপজেলার নিমতলা বাজার এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ীসহ দু’জন নিহত হয়েছে। পুলিশের দাবি, দু’পক্ষের বন্দুকযুদ্ধের খবর পেয়ে বুধবার ভোরে তারা ঘটনাস্থল থেকে অজ্ঞাত লাশ দুটি উদ্ধার করে। দুজনেরই মাথায় গুলির চিহ্ন রয়েছে। ওই সময় মরদেহের পাশ থেকে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি এবং দেড়শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছে, উদ্ধার দু’জন হচ্ছেন চৌগাছা উপজেলার বড়কাবিলপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী একছের আলী (৪৫) এবং তার ঘনিষ্ঠ সহযোগী একই উপজেলার চৌগাছা মডেল প্রাইমারি স্কুলপাড়ার বাসিন্দা সাইদুল (৩৫)।

চৌগাছা থানার এসআই ওয়াহেদুজ্জামান বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে আমাদের কাছে খবর আসে যশোর-চৌগাছা সড়কের নিমতলা এলাকায় দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে। রাত প্রায় তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আমাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও অজ্ঞাত দু’জনকে পড়ে থাকতে দেখি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’ এরপর পুলিশ তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায়।

বুধবার সকালে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘লাশ উদ্ধারের সময় স্থানীয়রা তাদের চিনতে পারেনি। কারণে তাদের পরিচয় আমরা বলতে পারছি না।’

হাসপাতালে থাকা চৌগাছা তানার অপর এসআই অনিল মুখার্জী জানান, ঘটনাস্থল থেকে দেড়শ’ বোতল ফেনসিডিল, একটি ওয়ান শ্যুটার গান ও গুলি উদ্ধার করা হয়।

এদিকে, বুধবার সকালে যশোর জেনারেল হাসপাতালে নিহত একছের আলীর ভাই সেরেস্তালী ও বোন নূরজাহান জানান, চৌগাছায় দুজনের লাশ উদ্ধারের খবর শুনে তিনি হাসপাতালে এসেছেন। তারা ভাইয়ের লাশ শনাক্ত করে বলেন, ‘আমার ভাইয়ের মোবাইলফোন সেট মঙ্গলবার ভোর থেকে বন্ধ রয়েছে। তিনি যশোর শহরের পালবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।’

অপরদিকে, চৌগাছা থেকে এক রোগী নিয়ে আসা ট্যাক্সিচালক রেজাউল নিহত সাইদুলের মরদেহ শনাক্ত করেছেন।

তারেক/জারিফ