লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কমলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত আলী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

রোববার (১১ জুলাই) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর।

মৃত্যের ভাগ্নে আদিতমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন সরকার জানান, বেশ কিছু দিন ধরে হৃদযত্রের সমস্যায় ভুগছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী। গত সপ্তাহে অসুস্থতা বেড়ে গেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত দুই দিন ধরে হাসপাতালের আইসিইউ বেডে রেখে চিকিৎসা দেয়া হয়। রোববার ভোরে সেখানে চিকিৎসাধিন অবস্থায় মারা যান আওয়ামীলীগ নেতা শওকত আলী। তার মৃত্যুতে গোটা জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আওয়ামী রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া শওকত আলী পেশায় মৎস খামারী ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রায়ত সামছুল ইসলাম সুরুজের ছোট ভাই। আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসের চাচা সদ্য প্রায়ত এ নেতা শওকত আলী কমলাবাড়ি ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

মৃত্যুকালে তিন সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান তিনি।

রোববার বাদ আছর স্থানীয় কিসামত চড়িতাবাড়ি মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

নুরনবী/এমবি