জাতীয় সংসদে গত ৪ জুন উত্থাপিত অর্থবিলে সমবায় সমিতিগুলোর আয়ের উপর ১৫ শতাংশ আয়কর আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব)।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সম্প্রীতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রধান নির্বাহী ও কালব এর সাবেক সাধারণ সম্পাদক এমদাদ হোসেন মালেক।

এমদাদ হোসেন বলেন,সমবায় সমিতির প্রতিষ্ঠালগ্ন ১৯০৪ সাল থেকেই সরকার এসব সমিতিগুলোকে সম্পূর্ণ আয়কর অব্যাহতি দিয়ে আসছে। কিন্তু ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত অর্থবিলে সমবায় সমিতিগুলোর আয়ের উপর ১৫ শতাংশ আয়করের প্রস্তাব করা হয়েছে। এ আয়কর আরোপ করা হলে সমাজে ব্যপক হারে আয় বৈশম্য সৃষ্টি করবে।

এর ফলে সমবায় আন্দোলনের বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে যা স্বল্প আয়ের মানুষের আত্ম কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোক্তার উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, সমবায় সেক্টরে বর্তমান অবস্থা বিবেচনা করে নতুন কর আরোপ এ খাতে চরম বিপর্যয় ডেকে আনবে।

সমবায় সমিতিগুলো কিছু সংখ্যক উদ্যোগী মানুষের স্বেচ্ছাশ্রমে পরিচালিত হয় উল্লেখ করে তিনি আরও বলেন,নিজেদের ক্ষুদ্র সঞ্চয় থেকে পুঁজি সৃষ্টি করে স্বল্প মুনাফার নিজেদের মধ্যে ঋণ আদান প্রদান করে উদ্যোক্তা সৃষ্টি করে। এখানে সরকারের কোন অনুদান নেই। এই আয়কর আরোপ করলে স্ব-উদ্যোগী প্রচেষ্টায় অনেকেই নিরুৎসাহীত হবেন এবং সমবায়ের প্রতি মানুষের আগ্রহ হারিয়ে ফেলবে।

তাই সমবায়সূহের আয়কর অব্যাহতি প্রদানের বিধান বহাল রেখে প্রায় এক কোটি সমবায়দের পক্ষে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এমদাদ হোসেন।

একই দাবিতে আগামী ২৮ জুন রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনেসহ সারাদেশে মানববন্ধন করা হবে। দাবি আদায় না হলে পর্যায়ক্রমে নিয়মতান্ত্রিক আন্দোলন করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কালব এর চেয়ারম্যান সাইমন এ পেরেরা, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) এর চেয়ারম্যান নির্মল রোজারিও প্রমুখ।

এমএ/ এআর