কক্সবাজারের বহুল আলোচিত ৫১ একর সরকারি কর্মচারী আবাসন প্রকল্প এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় আহত হয়েছেন বৈশাখী টিভির জেলা প্রতিনিধি শফি উল্লাহ শফি, তার সহকারী জসিম উদ্দিন ও দৈনিক সাঙ্গুর জেলা প্রতিনিধি জসীম উদ্দিন সিদ্দিকী।
শনিবার বেলা আড়াইটার দিকে কলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক শফি উল্লাহ শফি জানিয়েছেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পর পাহাড় কেটে আবাসনের কাজ করছে ৫১ একর সরকারি কর্মচারী আবাসন প্রকল্পে। এর ভিডিও ফুটেজ সংগ্রহকালে জেলা প্রশাসকের কর্মচারী হাশেম, নাছির, আনসার সরওয়ার, বেদারের নেতৃত্বে শতাধিক শ্রমিক এ হামলা চালায়।
এতে তিনি, তার ক্যামেরাম্যান জসিম উদ্দিন ও দৈনিক সাঙ্গুর জেলা প্রতিনিধি জসীম উদ্দিন সিদ্দিকী আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় লোকজন কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করায়।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল জানান, ডিসি অফিসের কর্মচারী ও আনসার মিলে সাংবাদিকের ওপর এ হামলা ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ব্যাপারে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু জানান, কক্সবাজারের বহুল আলোচিত এ ৫১ একর এলাকায় হাইকোর্টের নিষেধ অমান্য করে চলছে পাহাড় কাটা ও স্থাপনা নির্মাণ। এটার খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ঘটনা ঘটেছে। এর আগেও একই এলাকায় বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনকে হত্যার চেষ্টা করা হয়েছিল।
কক্সবাজার সদর থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) বখতিয়ার আহমদ জানান, তিনি খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলেন। আহত সাংবাদিকদের সঙ্গে আলাপ করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কেএইচ





