লালমনিরহাটে যাত্রীবাহী বাস খাদে পরে বাচ্চু মিয়া(৪৫) নামে এক জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ যাত্রী।

রোববার বেলা সাড়ে ১২ টার দিকে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার মোস্তফি কালীরপাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তিনি ওই বাসের যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ক্রচিং করতে গিয়ে ধাক্কা লাগে। এ সময় ট্রাকটি পালিয়ে গেলেও খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। এতে ঘটনাস্থলে বাসের এক যাত্রী মারা যান। আহত হয়েছেন প্রায় ২০ জন যাত্রী । আহতদের উদ্ধার করে রংপুর ও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয় নি।

নুরনবী/জারিফ