ময়মনসিংহে চলন্ত বাসে এক নারীকে ধর্ষণের চেষ্টা চালায় বাসের চালক ও হেলপার। তৎক্ষণাত ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে। এ সময় চালক নুরুদ্দিনকে (৩৫) আটক করা হয়।
বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের চুরখাই এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও কোতোয়ালী মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস মহাসড়কের চুরখাই এলাকায় এসে পৌঁছুলে কিশোরগঞ্জে যাওয়ার কথা বলে সব যাত্রীদের নামিয়ে দেয় চালক ও হেলপার।একজন নারী যাত্রী নামার আগেই বাস ছেড়ে দেয়। পরে ওই নারীকে চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা চালায় তারা।
এ সময় ওই নারী বাসের জানালা দিয়ে লাফ দিয়ে আত্মরক্ষা করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে চালক নুরুদ্দিনকে আটক করে। তবে, পালিয়ে যায় হেলপার।
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএইচ





