প্রায় দুই মাস কারাভোগের পর নারায়ণগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের কথিত প্রেমিকা জান্নাতুল ফেরদৌস নীলা।
বৃহস্পতিবার উচ্চ আদালতের নির্দেশে তিনি জামিনে মুক্তি পান।

নীলা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর। জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করনের কোনো কথা বলতে চাননি জান্নাতুল ফেরদৌস নীলা।

কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, কাউন্সিলর নীলা নারায়ণগঞ্জ জেলা জজ আদালত থেকে কোনো জামিন পাননি। তিনি উচ্চ আদালত থেকে জামিন এনেছেন।

২০১৩ সালের ২৬ অক্টোবর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে জুয়েল নামে এক ব্যক্তির খণ্ডিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন সিদ্ধিরগঞ্জ থানার এসআই জিন্নাহ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে গ্রেপ্তারকৃত এক আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এতে হত্যাকাণ্ডের সঙ্গে নীলা জড়িত বলে স্বীকার করে সে। এর পরিপ্রেক্ষিতে ২৬ মে পুলিশ নীলাকে গ্রেপ্তার করে।

এর আগে গত ১৮ মে নীলাকে সাত হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর হোসেন সম্পর্কে জিজ্ঞাসাবাদে জন্য আটকের পর তাঁকে ছেড়ে দেয় জেলা গোয়েন্দা পুলিশ।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই