বঙ্গোপসাগরে বর্হি:নোঙরের আনোয়ারা গহিরা এলাকা থেকে অবৈধপথে মালয়েশিয়াগামী ১৫ যাত্রীকে উদ্ধার করেছে নৌবাহিনী। এসময় দুটি নৌকা থেকে দালাল ও ট্রলার মালিসকসহ সাতজনকে গ্রেফতার করা হয়।

বুধবার রাত ১ টার দিকে নৌবাহিনীর চোরাচালান বিরোধী ইউনিটের সদস্যরা তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন-দীনেস জলদাস, সোহেল, আইয়ূব খান, ওমর ফারুক, এমরান হোসেন, আলম ও গোলাম কাদের। এদের মধ্যে তিনজন দালাল ও চারজন ট্রলার মালিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনী গোয়েন্দা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার খান মোহাম্মদ শামীম বলেন, ‘নৌবাহিনীর চোরাচালান বিরোধী ইউনিটের সদস্যরা বুধবার রাতে টহল দেয়ার সময় বর্হি:নোঙরের গহিরা এলাকায় দুটি কাঠের নৌকায় তল্লাশি চালায়। এসময় সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১৫ জন যাত্রীকে উদ্ধার করা হয়। তাদের ছোট নৌকা থেকে বড় ট্রলারে তুলে দেয়ার জন্য আসা চারজন ট্রলার মালিক ও তিনজন দালালকেও আটক করা হয়।’

তিনি জানান, আটককৃতরা নগরীর পতেঙ্গা এলাকা থেকে বুধবার রাত ১১টার দিকে মালয়েশিয়ার যাওয়ার উদ্দেশ্যে বর্হি:নোঙরের দিকে রওনা দিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

এদিকে পতেঙ্গা থানার ডিউটি অফিসার এস আই শাহাদাত হোসেন জানান, নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘নির্ভিক’ এর দায়িত্বরত কর্মকর্তা লে. এনশাদ হায়দার বৃহস্পতিবার সকালে বাদী হয়ে পতেঙ্গা থানায় দুটি মামলা করেন। মানব পাচার প্রতিরোধ আইনে করা মামলায় সাতজনকে আসামী করা হয়। তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইন ২০১২ সালের ৬/৭/৮ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এছাড়া ট্রলার মালিক দীনেস জলদাসের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার সাত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

জেআই