রাজশাহীতে আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে রাজশাহী জেলা বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ। নছিমন, করিমন ও ভটভটি বন্ধের দাবিতে মঙ্গলবার বিকালে নগরের শিরোইল এলাকায় বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী বলেন, বুধবার শুধু রাজশাহীতে এ ধর্মঘট চলবে। দাবি না মানা হলে এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।

বিকালে নগরের শিরোইল এলাকায় বিক্ষোভ মিছিল শেষে পথসভায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আনোয়ার পারভেজসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গত ৯ জুন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অবৈধ যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কয়েক দিন পরই আবারও মহাসড়কগুলোতে এসব অবৈধ যানবাহন চলাচল শুরু করেছে। এ ব্যাপারে তাঁরা গত সোমবার সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছিলেন অবৈধ যানবাহন চলাচল বন্ধ না হলে তাঁরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

পথসভায় বক্তারা বলেন, রাজশাহীর চারঘাট-বাঘা ও পবা-মোহনপুরে নছিমন, করিমন ও ভটভটি চলাচলের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাংসদ আয়েন উদ্দিন অবস্থান নিয়েছেন। এটা জানার পরেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হলো। বাধ্য হয়ে তাঁরা আন্দোলনের কর্মসূচি দিচ্ছেন।

এর আগে গত ১৫ মে এক সংবাদ সম্মেলন করে তাঁরা ছয় দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিলেন। তাঁদের ছয় দফা দাবিগুলো হলো—১. বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ নছিমন, করিমন, ভটভটি, পাওয়ার টিলার, ট্রাক্টরসহ অবৈধ যান চলাচল বন্ধ, ২. সিএনজি, মাহেন্দ্র, থ্রিহুইলার, ইমা রুট পারমিট-বহির্ভূত এলাকায় চলাচল বন্ধ ও রুট পারমিট প্রদান বন্ধ; ৩. ইজারাকৃত বিআরটিসি ও দ্বিতল বাস উপজেলাভিত্তিক চলাচল বন্ধ; ৪. স্কেলের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধ; ৫. বিআরটিএর ট্যাক্স টোকেন ও ফিটনেস বর্ধিত ফি প্রত্যাহার এবং ৬. সব ধরনের পুলিশি হয়রানি বন্ধ করা।

ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই