জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (এমপি) বলেছেন, সন্ত্রাসীদের ওপর কঠোর অবস্থানে রয়েছে সরকার। তারপরেও ছিটেফোঁটা গুপ্তহত্যার ঘটনা ঘটছে।

এ পর্যন্ত যতগুলো গুপ্ত হত্যা ঘটেছে তার সুরাহা হয়েছে এবং সেসব ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের বিচার হয়েছে। সম্প্রতি যে হত্যাকাণ্ড সমূহঘটেছে তার সুরাহা শিগগিরই হবে।

আজ (শনিবার) দুপুরে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে এসএসসি ২০১৬ সালের জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

সম্প্রতি কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক হত্যাকাণ্ডপ্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডর ঘটনা নিয়ে পুলিশ তদন্ত করছে। এসব নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।

বিএনপি নতুন করে দল গোছাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের পরি- প্রেক্ষিতে হাসানুল হক ইনু বলেন, বিএনপি দল গোছাবে কী গোছাবে না সেটা তাদের ব্যাপার।

বিএনপি জঙ্গি-সন্ত্রাসীদের দলে রাখবে কী না সেটা নিয়ে জনগণের কিংবা সরকারের কোনো মাথাব্যথা নেই। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দী প্রার্থীদের সংঘর্ষমূলক আচরণ দুঃখজনক মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের ভিতরে বেশ কয়েকজন নিহত হয়েছে।

এর সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, বিএসবি ক্যাম্ব্রিয়ান শিক্ষা গ্রুপের চেয়ারম্যান লায়ন এম.কে. বাশার প্রমুখ।

পরে কুষ্টিয়ায় বিএসবি ক্যাম্ব্রিয়ান শিক্ষা গ্রুপের আয়োজনে জেলার আড়াই হাজার শিক্ষাথীকে সংবর্ধনা প্রদান করা হয়।

এসএম/সবুজ