আধুনিক প্রযক্তির যুগে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুক। আর এ ফেসবুকের মাধ্যম দেশের জনগনের সাথে সুসম্পর্ক তৈরি করতে চায় নির্বাচন কমিশনের (ইসি)।

আর এজন্য নির্বাচন কমিশনের নামে একটি ফেসবুক পেজ ও একটি ফেসবুক গ্রুপ খোলার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাশাপাশি কমিশন সচিবালয় ও জেলা-উপজেলা কর্মকর্তাদের নামে ফেসবুকে অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় ও জেলা-উপজেলা কর্মকর্তাদের কাছে প্রোগ্রাম অফিসার আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তথ্যপ্রযুক্তি নির্ভর ‘এক ডিজিটাল বাংলাদেশ’গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিজস্ব নামে কোন ফেসবুক পেজ নেই এবং নির্বাচন কমিশন সচিবালয় ও জেলা-উপজেলা অনেক কর্মকর্তাদের নামেও ফেসবুকে অ্যাকাউন্ট নেই।

এ কারণে দেশের অনেক নাগরিকই নির্বাচন কমিশনের কার্যক্রমের বিষয়ে কোন পরামর্শ কিংবা সমালোচনা করতে পারছে না। তাই সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত নির্বাচন কমিশনের নামেও একটি ফেসবুক পেজ ও একটি ফেসবুক গ্রুপ খুলতে বলা হয়েছে।

এছাড়া যেসব কর্মকর্তাদের নামে ফেসবুকে অ্যাকাউন্ট আছে এবং যাদের নামে ফেসবুকে অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট খুলে ফেসবুক আইডি দ্রুত নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

আর এ সংক্রান্ত কোন সমস্যা হলে সার্বিক সহযোগিতার জন্য নির্বাচন কমিশনের সিস্টেম অ্যানালিস্ট কাজী মুহাম্মদ জিয়াউল হক অথবা প্রোগ্রামার আক্তারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা জানান, প্রতিদিন ফাইল বন্দি কাজই শেষ করতে পারি না, আর কখন ফেসবুক ব্যবহার করবো।

তারা আরও জানান, ইয়ং জেনারেশন ফেসবুক ব্যবহার করে। আমাদের মতো বয়স্কদের ফেসবুক ব্যবহার করার সময় নেই।

তারা জানান, কিভাবে ফেসবুক ব্যবহার করতে হয়,তা অনেকেরই জানা নেই। এ কাজ করতে গিয়ে অনেকে কর্মকর্তাই বিব্রতকর পরিস্থিতি পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।  

এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আব্দুল মোবারকের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

ঢাকা, এএম, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর