আজ ১১ জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা ও উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর পূর্তিতে এর অর্জন মূল্যায়নের লক্ষ্যে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন।’
১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবার ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবসের উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। তারই ধারবাহিকতায় নানা আয়েজনের মধ্য দিয়ে এ বছর বাংলাদেশ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করতে যাচ্ছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।দিবসটি পালনের লক্ষ্যে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আরও সক্রিয় ও আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে।
এ জনসংখ্যাকে কাম্য জনসংখ্যায় পরিণত করতে পরিকল্পিত পরিবার খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘পরিকল্পিত জনসংখ্যা, খাদ্য, বস্ত্র, শিক্ষা ও স্বাস্থ্যসহ অন্যান্য মৌলিক অধিকার পূরণের পাশাপাশি সুখী-সমৃদ্ধ দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশের আয়তন, অবস্থান, জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পরিকল্পিত পরিবার গঠনের বিকল্প নেই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে বর্তমান জনসংখ্যার দুই-তৃতীয়াংশ কর্মক্ষম। পরিবার পরিকল্পনা কার্যক্রমকে জোরদার করতে কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যন্ত সবাইকে একযোগে কাজ করে সেবার মান আরো বাড়াতে হবে।
এ জন্য জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সরকারের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
এএস





