গাজীপুরের পোড়াবাড়ী এলাকায় ট্রাকের সঙ্গে আসামি বহনকারী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ সাতজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন পুলিশ সদস্যসহ ১২জন।
সোমবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শ্রীপুর থানার কনস্টেবল মোস্তফা কামাল (৩৮) (নম্বর-৩২৪), গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার আমির আলীর ছেলে ও লেগুনাচালক মুমিনুল্লাহ (২৮), শ্রীপুর থানার সাতখামাইর এলাকার দুর্লভপুর গ্রামের সোহেল রানা (২৭), মানিক মিয়া (৩০), মাসুদ রানা(৩২), মনির হোসেন(২৬) এবং সোহরাব মিয়া(১৫)।
এদের মধ্যে কনস্টেবল মোস্তফা কামালকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন বলে ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাশ জানান।
তিনি জানান, দুর্ঘটনায় আহত শ্রীপুর থানার কনস্টেবল আশরাফ আলী ও জুলহাস উদ্দীনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের আরও দুই আসামিকেও ভর্তি করা হয়েছে হাসপাতালে।
গাজীপুর জেলা পুলিশ সুপার মো. হারুণ অর রশীদ সাংবাদিকদের বলেন, শ্রীপুর থানা থেকে লেগুনা করে আসামি নিয়ে গাজীপুর আদালতে আসছিল পুলিশ। এ সময় পোড়াবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় বলে জানান তিনি।
এসপি জানান, দুর্ঘটনায় আহত কনস্টেবল শাররফ হোসেন,আনোয়ার হোসেন, আবদুল মান্নানকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে নিহত লেগুনা চালকের বিরুদ্ধে থানায় মামলা আছে বলে জানান এসপি মো. হারুণ অর রশীদ।
জেডআই/এএইচ





