সোমবার রাতে নোয়াখালীর সুবর্ণচরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।এ সময় ৮-১০টি দোকানপাটে হামলা ও ভাংচুর করা হয়।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে চরজব্বার থানা পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে দাঙ্গা পুলিশ পাঠানো হয়েছে।
রবিবার চরওয়াপদা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির একক প্রার্থীর সাথে আওয়ামী লীগের দুই প্রার্থীঅ অজিউল্ল্যা ও হাবিউল্যা পলাশ প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল জুয়েল বিজয়ী হন। সোমবার রাত সাড়ে নয়টার দিকে নির্বাচনে পরাজয়ের জন্য অজিউল্লা ও হাবিউল্যা পলাশ একে অপরকে দায়ী করেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য মোস্তফা কামাল জুয়েলের ব্যবসা প্রতিষ্ঠান সহ বাজারের ৮-১০টি দোকানপাটে হামলা ভাংচুরের ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ সুপার ইলিয়াছ শরীফ সংবাদ মাধ্যমকে জানান, ঘটনাস্থলে চরজব্বার থানা পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে দাঙ্গা পুলিশ পাঠানো হয়েছে। আহতদের নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা, ২৬ আগস্ট , টাইমনিউজবিডি.কম, কেইউ





