ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কালাকচুয়া ও পদুয়ারবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার সকালে পৃথক এ দুর্ঘটনা দু'টি ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লাগামী মোটরসাইকেলকে পিছন থেকে নোয়াখালীগামী হিমাচল পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়।
নিহতদের একজন মো. কামরুল হাসান কুমিল্লার চান্দিনা উপজেলার সুহিলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তবে, অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে অপর একটি দুর্ঘটনায় সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ফল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম চাঁদপুর জেলার কচুয়ার নুরপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।
আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ লাশ ও গাড়ি উদ্ধার করেছে।
অন্যদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সলিলদিয়ায় যাত্রীবাহী বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১৫ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহতরা হলেন- হাজরাহাটি গ্রামের রাশেদ ফরাজির ছেলে এস্কান্দর ফরাজি (৪৮) ও পাথরাইলের মোহন মিয়ার ছেলে আল-জাবেদ (৯ মাস)।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা সোয়া ১২টার দিকে মাওয়াঘাট থেকে ভাঙ্গাগামী একটি লোকাল বাস ওই স্থানে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। তিনি জানান লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
এমএনজে





