ঢাকার বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ফায়ারম্যান সোহেল রানাকে আজ সিঙ্গাপুর নেয়া হচ্ছে।

তিনি এখন সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় আজ (০৫ এপ্রিল) শুক্রবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য সোহেল রানাকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে যায়েদ।

আইএসপিআর পরিচালক জানান, আজ সন্ধ্যায় সোহেল রানাকে ইয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি শেষ হয়েছে। সেখানে তাঁর উন্নত সিকিৎসা দেয়া হবে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশীষ বর্ধণ বলেন, চিকিৎসকরা সোহেল রানার বিষয় অপরিবর্তিত বলে জানিয়েছেন। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হচ্ছে।

সোহেল রানার পরিবার সূত্রে জানা যায়, সোহেল রানার এখনো সংজ্ঞাহীন। এরই মধ্যে তাকে ২১ ব্যাগ রক্ত দেয়া হয়েছে। আরও রক্ত দেয়া প্রয়োজন তবে সেই রক্ত তার শরীর নিতে পারছে না।

গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা ঘটনাস্থলে উঁচু মই দিয়ে আগুন নেভানোর কাজ করেন। এক পর্যায়ে নিরাপত্তা হুক মইয়ের সাথে আটকে যায় সোহেল রানার শরীর। পরে সোহেল পড়ে গিয়ে বিপদজনকভাবে আহত হন। তখন তার একটি পা ভেঙে যায়।

বনানীর অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬ 

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২তলা এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে আটকা পরে অনেক মানুষ। ঘটনার দিননিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫। আহত হয়ে অন্তত ৭৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। সিএমএইচ -এ আজ (৩০ মার্চ) সকালে আবু হেনা মোস্তফা কামাল নামের একজনের মৃত্যু হয়। এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল।
আর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ২২তলা ভবনটির ৯তলা থেকে।

বৃহস্পতিবারের (২৮ মার্চ) অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়।

ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ স্বেচ্ছাসেবীর ভূমিকা রাখছেন। আশপাশের এলাকায় পানির সন্ধান করা, পাইপ টেনে নিয়ে যাওয়ায় দমকর্মীদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়তে দেখা গেছে অসংখ্য সাধারণ মানুষকে।

এমবি