খাগড়াছড়ি জেলার মাটিরাঙায় মোটরসাইকেল চালক আজিজুল হাকিম শান্ত (৩০)’র নিখোঁজ হওয়ার চারদিন পর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার খাগড়াছড়ি পর্যটন কেন্দ্র রিছাং ঝর্ণা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ১১টা থেকে মাটিরাঙা সড়ক অবরোধ করে রেখেছে মোটরসাইকেল চালকরা। ফলে সারাদেশের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ জানান, এই হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদত হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে ধন বিকাশ ত্রিপুরা নামে এক সন্দেহভাজন যুবকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে শান্ত’র লাশ উদ্ধার করা হয়। তবে মোটরসাইকেলটি এখনও উদ্ধার করা হয়নি।’
আজিজুল হাকিম শান্ত মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নতুনপাড়া গ্রামের মো. ছালেহ আহাম্মদ’ এর ছেলে।
নিহত আজিজুল হাকিম শান্তর বাবা মো. ছালেহ আহাম্মদ জানান, গত বৃহস্পতিবার দুপুরে খাওয়া-ধাওয়া শেষে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পর আর বাড়িতে ফিরেনি তার ছেলে। এর পরের দিন তিনি মাটিরাঙা থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এমই





