হাজীগঞ্জে নৌকায় ভোট দেয়ায় ২০ পরিবারকে হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিসংসতা ও হুমকির জের ধরে ২০ পরিবারে পুরুষ শূণ্য হয়ে পড়েছে।

হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচই গ্রামে ২৩ এপ্রিলের পর থেকে জনমনে আতংক বিরাজ করছে।

এই ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছেন গিয়াস উদ্দিন বাচ্চু। এখানে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করেন মো. দুলাল হোসেন।

আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী পক্ষে কাজ না করায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন নৌকা প্রতীকের সমর্থকদের হুমকী-ধমকী দিয়ে আসার অভিযোগ উঠেছে। নির্বাচনী গণসংযোগ চলাকালেও নৌকা প্রতীকের নেতা-কর্মীদের হুমকি-ধামকি দেয়ায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন এর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় দু’টি অভিযোগ দায়ের করা হয়।

পরাজিত আনারস প্রতীকের প্রার্থী মো. দুলাল হোসেন ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিনের হুমকীর শিকার পরিবার গুলো হলো- পাঁচেই বেপারী বাড়ী ওরফে খাঁন বাড়ীর ৭ পরিবার, মজুমদার বাড়ীর ডা: মাহবুবুর রহমান, ডা: মমিন, তপাদার বাড়ীর সাইফুল তপাদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহির খাঁন, ইউনিয়ন যুবলীগের সভাপতি জহির রায়হান, সাধারণ সম্পাদক কালা বাদশাহ, কাউসার, নজরুল ইসলাম, মাদ্রাসা বাড়ীর শরীফ ও রাশেদের পরিবারসহ আরো কয়েকটি পরিবার।

নৌকা প্রতীকের পোস্টার লাগানোর অপরাধে পাঁচেই গ্রামের নজরুল ইসলামকে হুমকি দেয় এই বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় নজরুল ইসলাম জসীম উদ্দিন বিবাদি হয়ে একটি অভিযোগ দিয়েছেন।

নির্বাচনী গণসংযোগের শুরুতেই ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ডা: মাহবুবুর রহমানকে মেরে ফেলার হুমকী দেয় জসীম উদ্দিন। তিনিও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিনকে বিবাদি করে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পাঁচই গ্রামের শাহজালাল বলেন, নৌকা প্রতীকের নির্বাচন করায় আমার পরিবারের সবাই আতঙ্কগ্রস্ত। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন একাধিকবার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। এখন আমরা বাড়িতে থাকতে পারছি না।

তিনি আরো বলেন, ২৩ এপ্রিল নির্বাচন শেষে রাতভর পুলিশ পাহারায় থাকতে হয়েছে। টহল পুলিশকে ফাঁকি দিয়ে জসিম উদ্দিন তার বাহিনী দিয়ে আমাদের বাড়ীতে ফাঁকা গুলি চালায়।

ইউনিয়ন যুবলীগের সভাপতি জহির রায়হান বলেন, নৌকা প্রতীকের সমর্থন করায় আমাদের উপর হুমকি-ধামকি দিয়ে আসছেন জসীম উদ্দিনের বাহিনী। ইউনিয়নে আওয়ামীলীগের মধ্যে বিরোধ সৃষ্টি করতেই এই আওয়ামীলীগ নামধারী জসীম উদ্দিন উঠে পড়ে লেগেছে।

এ বিষয়ে জানতে চাইলে পরাজিত প্রার্থী মো. দুলাল হোসেন মুঠোফোনে বলেন, এসব মিথ্যা। আমরা কাউকে হুমকী দেইনি। বরং নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিতের পর আমরা হুমকির মধ্যে রয়েছি।

নির্বাচিত ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু বলেন, নৌকা প্রতীকের সমর্থকদের হুমকি-ধামকি দিয়ে ঘরছাড়া করছে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন বলেন, কে বা কাহারা রাতে তাদের হুমকি দেয় অথবা ভয় লাগায় তা আমরা জানি না। আমরা যদি হুমকি-ধামকি দিয়ে থাকতাম তাহলে নির্বাচনের দিন কেন্দ্র দখল করতাম। অথচ নৌকা প্রতীক নিয়ে ৫ কেন্দ্র দখল করে বিজয় নিশ্চিত করেছে গিয়াস উদ্দিন বাচ্চু।

তিনি আরো বলেন, ২০ পরিবার নয় হয়তো ৬/৭ পরিবার আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম বলেন, নির্বাচনের আগে দুইটি অভিযোগ হয়েছে। নির্বাচনের পরের দুই দিন ওই এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়। তবে নির্বাচনী পরবর্তী কোন ঘটনার অভিযোগ পাইনি।

এমআইএস