তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য গতকাল শুনেছি। তিনি যা বলেছেন তা আত্মপ্রবঞ্চনা। পদ্যত্যাগ করে এ কথাগুলো বললে সমীচীন হতো। তিনি এর আগেও এ ধরনের কথাবার্তা বলেছেন। মূলত আলোচনায় থাকার জন্য তিনি এ ধরনের কথা বলেন। এতে নির্বাচন কমিশনের কাজে কোনও সমস্যা হবে না।’
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেকেই চেয়েছিলেন ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচন না হোক। কিন্তু সেই নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছে। ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েছিল। তারা কয়েকটি আসনে বিজয়ী হয়েছে। শপথও নিয়েছে। এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারের দেওয়া সুযোগ-সুবিধাও নিচ্ছেন। কাজেই এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা বিবেকের সঙ্গে প্রতারণা।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি সবসময় আন্দোলনের কথা বলে। এটি তাদের পুরনো অভ্যাস, গৎবাঁধা। তাদের আন্দোলন করার শক্তি সম্পর্কে জনসাধারণের ধারণা আছে। খালেদা জিয়ার ২০১৫ সালের অবরোধ এখন চলছে, ওটা কিন্তু তোলেনি।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সংস্কার, নির্বাচন ব্যবস্থাপনায় সংস্কার এগুলো চলমান প্রক্রিয়া। শেখ হাসিনার দাবিতেই কিন্তু আজ ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে।’
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কে হবেন সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলের মনোনয়ন বোর্ড প্রার্থী ঠিক করবেন।
এএইচ





