সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও সিএনজি অটোরিকশাচালকদের মধ্যে শনিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অর্ধশত বাস ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে।
পরে পুলিশ গিয়ে ৪২ রাউন্ড শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করেছে। ভাঙচুরের প্রতিবাদে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিক ইউনিয়ন।
সিলেট মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিদান আল মুসা বলেন, বাস ও সিএনজি অটোরিকশাচালকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪২ রাউন্ড শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় নয়জনকে আটক করা হয়েছে।
শ্রমিক ইউনিয়নের সভাপতি সেমিল আহমদ ফলিক জানান, ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সিলেট বিভাগে অনির্দিকালের বাস ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
জেএ





