গাজীপুরের শ্রীপুরের মুলাইদ গ্রামে আদিব ডাইং লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে সড়কের দুই দিকে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।
সোমবার বিকেল ৩টার দিকে মহাসড়ক অবরোধ শুরু করে শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, তাদের গত আগস্ট মাসের বেতন দেয়ার কথা ছিল ৭ সেপ্টেম্বর। কিন্তু ওই দিন না দিয়ে কর্তৃপক্ষ জানায় ১৪ সেপ্টেম্বর সোমবার দেয়া হবে। কিন্তু আজ ১৪ সেপ্টেম্বরও তাদের বেতন দেয়া হয়নি। বরং জানানো হয়, আগামী ১৬ সেপ্টেম্বর দেয়া হবে বেতন।
বেতন দেয়া নিয়ে কর্তৃপক্ষের এমন তালবাহানার পরই বিক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা। তারা সংগঠিত হয়ে কারখানা থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
এতে মহাসড়কের মুলাইদ এলাকা থেকে দুই দিকে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে যাত্রীসহ হাজারো মানুষ।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। তাদের সঙ্গে যোগ দিয়েছে শ্রীপুর থানা ও শিল্প পুলিশ। কারখানার সামনেও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। ফলে বন্ধ রয়েছে সব রকম যান চলাচল।
জেআই





