চট্টগ্রামের আনোয়ারায় ঈশান মাঝির হাটে সোমবার রাতে অভিযান চালিয়ে ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে জেলা মৎস্য অফিস। এরপর মঙ্গলবার সকালে নগরীর কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে আরও ৮টি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার ভোরে কোস্টগার্ড ও জেলা মৎস্য অফিসের কর্মকর্তারা যৌথভাবে কর্ণফুলী নদীতে অভিযান চালায়। এসময় একটি নৌকায় দুটি ইলিশ মাছ ধরার জাল পাওয়া যায়।
চট্টগ্রামে ইলিশ মাছ আহরণ ও বিক্রির বিরুদ্ধে ব্যাপকভাবে অভিযান চালাচ্ছে জেলা মৎস্য অফিস। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত, পুলিশ এবং কোস্টগার্ডও এ অভিযানে অংশ নিচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব জানান, ৮০ কেজি ইলিশ মাছ আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে একটি এতিমখানায় দেয়া হয়েছে। উদ্ধার করা ৮টি ইলিশ মাছ নগরীর বায়তুশ শরফ মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে জেলা মৎস্য অফিসের কর্মকর্তারা এবং ভ্রাম্যমাণ আদালত নগরীর পাহাড়তলী বাজার, কর্ণফুলী বাজার, কাজির দেউড়ি বাজার, রিয়াজউদ্দিন বাজারসহ আরও কয়েকটি কাঁচাবাজারে অভিযান চালায়।
এর আগে গত ৫ অক্টোবর নগরীর পাহাড়তলী বাজারে অভিযান চালিয়ে দুই হাজার দুই’শ মেট্রিকটন ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য অফিস। মাছগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে বলে জানান প্রভাতী দেব।
গত ১৮ সেপ্টেম্বর মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব এ এম সাইফুল হাসান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৫-১৫ অক্টোবর পর্যন্ত মোট ১১দিন (২০ থেকে ৩০ আশ্বিন) সময়কালে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ অথবা বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
জেইউ





