রাজধানীর বনানী থেকে বেলাল হোসেন (৩২) ও আমির হোসেন রুবেল (২৩) নামে দু'ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় অপহরণ চক্রের মূল হোতা ফারুক হোসেন ওরফে গফুর স্যারসহ (৩২) ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোবাইল ফোনের মাধ্যমে জেলার তারাকান্দা উপজেলার একটি ভবনের থাই গ্লাসের কাজ দেওয়ার কথা বলে ঢাকার বনানীর এম এ মান্নান গ্লাস নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ওই দু'ব্যক্তিকে গত ১৯ এপ্রিল ডেকে আনে ফারুক হোসেন ওরফে গফুর স্যার (৩২)।

পরে তারা তারাকান্দা বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ এলাকার পরিত্যক্ত মাদ্রাসা ঘরে আটকে তাদের হত্যার হুমকি দিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়।

এ ঘটনায় গত ২১ এপ্রিল ব্যবসায়ী আমির হোসেন রুবেলের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর মঙ্গলবার (১২ মে) বিকালে শহরের বড় বাজার এলাকা থেকে ফারুক হোসেন ওরফে গফুর স্যারকে গ্রেফতার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফুলপুর থানায় অভিযান চালিয়ে আব্দুল কাদির (৬৫), মো. ফারুক হোসেন (৪৮), মো. ফরহাদ (৩৮), সাইফুল ইসলাম ওরফে কাইল্ল্যাকে (২২) গ্রেফতার করা হয়।

ওই রাতেই তাদের স্বীকারোক্তি নিয়ে গাজীপুরের হোতাপাড়া মনিপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ রূপচান আলী (৩২), বাবুল মিয়া (৪০) ও তাহমিনা আক্তারকে (২৫) গ্রেফতার করে।

গ্রেফতারকৃত অপহরণ চক্রের মূল হোতা ফারুকের কাপড়ের ব্যাগ থেকে একটি মোবাইল ফোন, ৭ টি সীমকার্ড, শাতাধিক বিভিন্ন থাই গ্লাস হাউসের কার্ড ও চুক্তিনামা ফরম ও একটি চাকু জব্ধ করা হয়।

এ চক্রটি অন্য তিনটি ঘটনায় অপর ৩ জনকে একই কায়দায় অপহরণ করে মোট ৫ লাখ ৩৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দিয়েছে বলে জানান ওসি ইমারত হোসেন গাজী।

এমকে