অবৈধপথে ভারত হয়ে নেপালে কাজ করতে গিয়ে আবারও সেখান থেকে দেশে আসার সময় ভারতীয় সীমান্ত রক্ষীর হাতে আটক তিন নির্মাণ শ্রমিককে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নিকট ফেরত দিয়েছে বিএসএফ।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় হিলি চেকপোস্ট গেটের শুন্যরেখায় দুই বাহিনীর মাঝে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির নিকট ফেরত দেয় বিএসএফ।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জাফরুল্লাহ খান সাহেব। এ সময় সেখানে দুই বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।
ফেরত আসা নির্মাণ শ্রমিকরা হলেন, ব্রাহ্মণবাড়ীয়ার মোগন্দপুরের বিতিদাউদপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে জাকির হোসেন (২৪), একই জেলার বিজয়নগরের খুদিরিয়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে রফিকুল ইসলাম (২৪) এবং ঢাকা জেলার সাভারের জিরাব গ্রামের আইয়ুব আলীর ছেলে পলাশ (৩৫)।
ফেরত আসা নির্মাণ শ্রমিকরা জানান, এক দালাল নেপালে রাজমিস্ত্রির কাজে ভালো বেতনের কথা বলে গত মাঘ মাসে আমাদের বাসযোগে হিলি সীমান্তে নিয়ে আসে। এখানে এসে টাকার বিনিময়ে আমাদের বাংলাদেশ থেকে ভারতে পার করে দেয়। পরে সেখানে থেকে আমরা ভারত হয়ে নেপালে যায়। কিন্তু সেখানে গত দুই মাস কাজ করার পরও কোনো বেতন না পাওয়ায় সেখান থেকে আমরা পালিয়ে আবারো ভারতে আসে। গতকাল বাংলাদেশে যাওয়ার জন্য রাতে ভারতের হিলিতে আসলে হিলি বাসস্ট্যান্ড থেকে বিএসএফ সদস্যরা আমাদের আটক করেন।
বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার জানান, অবৈধপথে ভারতে প্রবেশের দায়ে গতকাল রাতে তিন বাংলাদেশীকে বিএসএফ সদস্যরা আটক করে আজ তাদের আমাদের নিকট হস্তান্তর করেন। পরে আমরা আবার তাদের কাগজ পত্রের আনুষ্ঠানিকতা সম্পুর্ণ করে হাকিমপুর থানায় সোপর্দ করি।
কেএইচ





