স্থানীয় সরকার বিভাগের অনুমতি না নিয়ে ইউনিয়ন পরিষদ ভবনে বেসরকারি একটি ব্যাংকের শাখা স্থাপনের চুক্তি করায় জেলার উজিরপুর উপজেলার ৬ নম্বর বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবদল নেতা ফিরোজ হোসেনকে অপসারণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন শনিবার বিকালে জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরীফা আহমেদ স্বাক্ষরিত ৯ মার্চের প্রজ্ঞাপনের নির্দেশ বাস্তবায়িত করেছেন তিনি।
প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার আইন ২০০৯-এর ধারা ৫১ অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের পূর্বানুমতি ব্যতিরেকে ৬ নম্বর বড়াকোঠা ইউনিয়ন পরিষদ ভবনের নিচতলায় বেসরকারি ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা স্থাপনের জন্য চেয়ারম্যান ফিরোজ হোসেন তিন বছরের চুক্তি সম্পাদন করেন।
এ কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কারণ দর্শানো নোটিশ দিয়েও কোনো সদুত্তর না পেয়ে চেয়ারম্যানকে অপসারণের আদেশ দেওয়া হয়।
এসএইচ





