রাজধানীর মহাখালীতে পিতল রঙের বোমা সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বাহেজ (৪০), রুহুল আমিন (৪৫) ও তার সাত বছর বয়সী ছেলে সোহাগ এবং শহীদুল ইসলাম (৪০)।

তারা সবাই মহাখালী স্টাফ কোয়ার্টারের পাশে সাততলা বস্তিতে বসবাস করেন।

আহত বাহেজ জানান, ১০ থেকে ১২ দিন আগে মহাখালী শাহীনবাগ এলাকায় মাটি খোঁড়ার সময় পিতলের মতো দেখতে একটি বস্তু দেখতে পান। শুক্রবার দুপুর দেড়টার দিকে হাতুড়ি দিয়ে সেটা ভাঙার চেষ্টা করেন তিনি। এসময় ওই দ্রব্যটি বিস্ফোরিত হলে তিনিসহ চারজন আহত হন।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বস্তুটি দেখে মনে হচ্ছে অনেক আগের তৈরি কোনো বিস্ফোরক দ্রব্য।

‘আমাদের অনুসন্ধানী দলকে খবর দেওয়া হয়েছে, তারা আসার পরে নিশ্চিত করে বলা যাবে আসলে বিষয়টি কী,’ যোগ করেন এসআই আবুল বাশার।

এসএইচ