বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখে ময়মনসিংহে ঘোড়দৌড় প্রতিযোগীতার আয়োজন করে বাঙ্গালীর হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে আবার মনে করিয়ে দেওয়া হয়। ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদীর তীরে বিশাল আকৃতির সার্কিট হাউজ মাঠ মুখরিত হয়ে ওঠে এ প্রতিযোগীতাকে ঘিরে।

ময়মনসিংহ পৌরসভার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগীতাকে কেন্দ্র করে পুরো শহরজুড়ে ছিল সাজ সাজ রব। সাধারণ মানুষদের মাঝে ছিল অন্যরকম উত্তেজনা।

বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত এ প্রতিযোগীতা দেখতে হাজার হাজার নারী-পুরুষ, তরুণ-তরুণী, যুবক- বৃদ্ধা ভিড় করে সার্কিট হাউজ মাঠে।

প্রতিযোগীতায় বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোণা ছাড়িয়ে গাজীপুরসহ দেশের বিভিন্ন প্রান্তের সওয়াররা প্রায় অর্ধশত ঘোড়া নিয়ে এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীতাটি দু'ভাগে বিভক্ত হয়। প্রথম অনুষ্ঠিত হয় কদম দৌড় ও পরে দাপট দৌড়। দাপট দৌড়ের সময় উপস্থিত দর্শকদের মাঝে চরম উত্তেজনা লক্ষ্য করা গেছে। এ দৌড়ে প্রতিটি ঘোড়া ঘন্টায় ৬০ থেকে ৭০ কি.মি বেগে দৌড়ায়।

সত্যিই পহেলা বৈশাখ বাঙ্গালীদের এক বিশাল মিলন মেলা। যেখানে সব ভেদাভেদ ভুলে সকল মানুষ মিলিত হয়ে ফিরে যায় বাঙ্গালীদের হাজার বছরের পুরোনো ঐতিহ্যে।

ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে বেগম রওশন এরশাদ বলেন, এমন আয়োজন মানুষের মাঝে আনন্দের পাশাপাশি সকলের মাঝে ভাতৃত্ববন্ধন গড়ে তুলতে বিরাট ভূমিকা রাখে। বাঙ্গালীর ঐতিহ্য তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ায় আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানান তিনি।

পরে প্রতিযোগীতা শেষে উপস্থিত অতিথিবৃন্দের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

কেএইচ