চট্টগ্রামে এক ব্যক্তিকে শিকল দিয়ে বেঁধে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে নগর ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। তাঁর নাম শহীদুল ইসলাম। তিনি নগর ছাত্রলীগের সহসভাপতি।
মঙ্গলবার রাতে নগরের আগ্রাবাদ ঝর্ণাপাড়া এলাকা থেকে ডবলমুরিং থানা পুলিশ তাঁকে আটক করে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত বলেন, নগরের হালিশহর বড়পুল এলাকা থেকে শাহাদাত হোসেন সাগর নামের এক ব্যক্তিকে তুলে এনে আগ্রাবাদ ঝর্ণাপাড়া এলাকার একটি সেলুনের চেয়ারে শিকল দিয়ে হাত-পা বেঁধে মারধর করার অভিযোগ আসে পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শহীদুল ইসলামকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গুরুতর আহত ওই ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) উজ্জ্বল জানান, ‘পাওনা টাকা আদায় করতে তুলে নিয়ে মারধর করা হয়েছে বলে শুনেছি। থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।’
কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক ও নগর ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান তারেক বলেন, ‘শহীদকে পুলিশ আটক করেছে। তবে কী কারণে করেছে, তা আমরা জানি না।’
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





