খোকন চৌকিদার নামে এক বাসচালককে মারধর করার প্রতিবাদে চাঁদপুরে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
বুধবার সকাল ৮টায় ধর্মঘট শুরু হয়েছে।
বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, মঙ্গলবার রাতে পদ্মা এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসের চালক খোকন বাস নিয়ে চাঁদপুর বাসস্ট্যান্ডে আসেন। এসময় রিয়েল পাটওয়ারি নামে এক চাঁদাবাজ তার কাছে চাঁদা দাবি করেন। খোকন চাঁদা দিতে রাজি না হওয়ায় রিয়েল তাকে জোর করে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী গুচ্ছগ্রাম আশ্রায়ন প্রকল্পে নিয়ে যান। রিয়েল এসময় খোকনকে ছুরিকাঘাত করে ও পিটিয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর
হাসপাতালে ভর্তি করেন।
সকালে বিষয়টি জানাজানি হলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা এ ঘটনার প্রতিবাদে ও এর সুষ্ঠু বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেন।
চাঁদপুর সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম জানান, দীর্ঘদিন ধরে রিয়েল পাটওয়ারি বাসস্ট্যান্ডে চাঁদাবাজি করে আসছেন। চাঁদা না দেওয়ায় খোকনের ওপর হামলা চালিয়েছেন তিনি। এ হামলার বিচার না হলে তারা অনির্দিষ্টকাল বাস চলাচল বন্ধ রাখবেন।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, হামলাকারীকে আটক করার চেষ্টা চলছে। এছাড়া ধর্মঘটের বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।
জেআই





