ঢাকা দক্ষিণ সিটির ২নং ওয়ার্ডের গোড়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বিএনপির কাউন্সিলর প্রার্থীর এজেন্টকে পিটিয়ে রক্তাক্ত করে বের করে দিয়েছে সরকার দলের নেতাকর্মীরা।

সংঘাতের খবর পাওয়া যাচ্ছিল রাত থেকেই। থমথমে পরিস্থিতিতে ভোট শুরু হয় সকাল ৮টায়। ভোটার উপস্থিতি যথারীতি কম। কোথাও কোথাও কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ। কোথাও আক্রান্ত বিরোধী কাউন্সিলর প্রার্থী। বেশিরভাগ বুথেই বিএনপির এজেন্ট নেই। কোথাও হুমকির শিকার এজেন্ট। ইভিএমে ভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া।

ঢাকার এই দুই সিটিতে ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন। দুই সিটিতে মোট ১৬টি ভেন্যু থেকে ২ হাজার ৪৬৮টি কেন্দ্রে একযোগে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা উত্তরে মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলরের ৫৪টি পদে ২৫১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর ১৮টি পদে ৭৭ জন লড়াই করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলরের ৭৫টি পদে ৩২৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ২৫টি পদে ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এএস