বুধবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোলাম পরওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজার রহমান ইরান। এতে ১১ দলের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।
গোলাম পরওয়ার বলেন, বিএনপি রাজনৈতিক অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্ব থেকে সরে না আসায় সাত মাসের মধ্যেই সরকার লেজেগোবরে অবস্থায় পড়েছে। এ সময়ে প্রায় চারজন মন্ত্রী-এমপি বিদায় নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, সরকার পরিচালনায় এত অপরিপক্বতা, অদক্ষতা ও অরাজনৈতিক বক্তব্য আগে দেখেননি।
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি
দেশের শ্রমিকদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, শ্রমিকদের অসন্তোষ এবং গার্মেন্টস ও শিল্প খাতে আন্দোলন দেখা দিলেই সরকার বিরোধী দলকে দায়ী করছে। বিরোধী দলের উসকানিতে অস্থিরতা তৈরি হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে।
তিনি বলেন, দেশে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। শ্রমিক পরিবারগুলো কঠিন পরিস্থিতিতে জীবনযাপন করছে। বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে গার্মেন্টসসহ সব খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা সরকারের দায়িত্ব। শ্রমিকদের দাবি পূরণে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান তিনি।
বিরোধী দলের ওপর দায় চাপানোর অভিযোগ
সরকারকে সতর্ক করে গোলাম পরওয়ার বলেন, জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অপরাধের বিরুদ্ধে অনমনীয় অবস্থান নিয়ে নেতৃত্ব দিচ্ছেন। নিজেদের চাঁদাবাজি, দখলদারি, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগ আড়াল করতে সরকার বিরোধী দলের ওপর দায় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
গোলাম পরওয়ার আরও বলেন, সরকার দাবি করছে, দেশের অস্থিতিশীলতার পেছনে বিরোধী দলের ষড়যন্ত্র রয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালন করা গোয়েন্দা বাহিনী ও কর্মকর্তাদের ওপর নির্ভর করে বিরোধী দলকে দোষারোপ করা কতটা যৌক্তিক, সেই প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, সরকারের অপকর্ম ও দলীয়করণের বিরুদ্ধে কথা বললেই বিরোধী দলকে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দায়ী করা হচ্ছে। তাঁর মতে, সরকারের কর্মকাণ্ড তুলে ধরা বিরোধী দলের দায়িত্ব। এ ধরনের বক্তব্য ও আচরণ ফ্যাসিবাদের পথ তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
দলীয়করণ ও গণভোটের রায় নিয়ে সমালোচনা
সরকারি পদে দলীয় লোক নিয়োগ এবং উন্নয়ন বরাদ্দ নিয়ে রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেন গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ ও বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএনপি, ছাত্রদল ও যুবদলের লোকজনকে বেছে বেছে বসানো হয়েছে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনির একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী জয়ী না হলে উন্নয়ন বরাদ্দ দেওয়া হবে না—এমন বক্তব্য সরকারি দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে প্রত্যাশিত নয়।
গোলাম পরওয়ার বলেন, গত সাত-আট মাসে গণভোটের রায় কার্যকরের দাবিতে বিরোধী দল একাধিক কর্মসূচি পালন করেছে। তাঁর দাবি, এ সময় গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে, সারসংকট তৈরি হয়েছে এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে জনদুর্ভোগ বেড়েছে। এসবের প্রতিবাদে আন্দোলন করলেও বিরোধী দল হরতাল-অবরোধ করেনি কিংবা গাড়িতে আগুন ও ভাঙচুরের মতো কর্মসূচি পালন করেনি বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করা হচ্ছে। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের ফল মেনে নিয়ে সংবিধান সংস্কারের বিষয়ে ঐকমত্য কমিশনে গৃহীত প্রস্তাব বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ বিষয়ে সংসদের বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসারও প্রস্তাব দেন।
আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ না দেওয়ার আহ্বান
গোলাম পরওয়ারের অভিযোগ, সরকার ভুল রাজনীতি ও বিরোধী দলের ওপর দায় চাপানোর মাধ্যমে দেশে অস্থিরতা তৈরি করছে, যা আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরার সুযোগ করে দিতে পারে।
তিনি বলেন, অতীতে বিএনপি, জামায়াতসহ অন্যান্য বিরোধী দল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ ছিল। সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নেও বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ থাকতে পারলে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি হতো না বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে দলটির নেতাকর্মীদের শুভেচ্ছা জানান গোলাম পরওয়ার। এ সময় আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া পথে তৃতীয় দফার লংমার্চে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এস
















