নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ফকিরহাট বাজারে আগুনে পুড়ে গেছে চারটি দোকান। দোকানগুলো হলো, ইয়াকুব ট্রেডার্স, সুফল ট্রেডার্স, মিলন ইলেট্রিক ও মাকুমিয়া ট্রেডাস।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে স্থানীয় লোকজন ও বাজারের নাইট গার্ড হঠাৎ করে বাজারের আগুন দেখতে পায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে উল্লেখিত চারটি দোকান সম্পূর্ণ ও পাশের তিনটি দোকান আংশিক পুড়ে যায়। এ সময় স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
পরে খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে দোকানগুলো পুড়ে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।
চৌমুহনী ফায়ার স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।’
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে রাতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





