ময়মনসিংহ শহরে গত ২১ জুন থেকে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া লাইসেন্সবিহীন প্রায় ৭ হাজার ব্যাটারিচালিত অটোবাইক পূণরায় চলাচলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মালিক-শ্রমিকরা।

বুধবার দুপুরে এ মিছিল ও সমাবেশ আয়োজন করে ময়মনসিংহ অটোবাইক শ্রমিক ইউনিয়ন।

এ দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের স্টেশন রোড, গাঙ্গিনারপাড়, নতুন বাজার, টাউনহল মোড়, কাচারী, কালিবাড়ি ও মহারাজা রোড হয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে সহস্রাধিক অটোবাইক মালিক-শ্রমিক, জেলা দোকান কর্মচারী ও হোটেল রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা যোগদান করেন।

শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে মিছিলপূর্ব সমাবেশে ময়মনসিংহ জেলা ব্যাটারীচালিত অটোবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দীলিপ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি ফয়জুর রহমান ফয়েজ, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মাহবুব বিন সাইফ, জাতীয় শ্রমিক পার্টির নেতা কাজী ফজলুর রহমান বেণু, জেলা টিইউসি’র সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, অটো বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল মজিদ, যুব ইউনিয়নের সভাপতি খোকন, নিউ অটো বাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া প্রমূখ।

বক্তারা বলেন, প্রায় ৭ হাজার অটোবাইক বন্ধ করে দেয়ায় এসব খেটে খাওয়া শ্রমিকরা কোন রকমে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। এসব মালিক শ্রমিকরা যদি ঈদ করতে না পারে তাহলে যারা অটো বন্ধ করে দিয়েছেন তাদেরকেও ঈদ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেয় শ্রমিকরা।

বক্তারা ব্যাটারিচালিত অটোবাইক চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে পৌরসভা থেকে লাইসেন্স প্রদানের জোর দাবি জানান।

জানা যায়, বেশীরভাগ অটো বন্ধ করে দেয়ায় শহরে দেখা দিয়েছে তীব্র গণপরিবহন সংকট ।এতে করে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষীর্থীসহ সাধারণ মানুষের।

এদিকে অটোবাইক কমে যাওয়ায় চলাচলরত রিকশাচালকরানিচ্ছে দ্বিগুণ থেকে তিনগুণ বেশি ভাড়া ।

এসএইচ