নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্কুল ছাত্র দেলোয়ার হোসেন মোরছালিন হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে বৃহস্পতিবারের ডাকা হরতাল প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনকারীরা। হরতালের পরিবর্তে প্রশাসনকে আরও ৯৬ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।

বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার সামনে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত অবস্থান কর্মসূচিতে নেতা-কর্মীরা এ আল্টিমেটাম দেন। এ সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয় কর্মসূচি থেকে।

এ সময় নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইল সড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে নেতৃবৃন্দরা সিদ্ধিরগঞ্জ থানার ওসি’র কাছে স্মারকলিপি প্রদান করেন।

বক্তারা বলেন, গিয়াসউদ্দিন ও তার ছেলেসহ আসামিদের গ্রেফতারের জন্য আরও ৯৬ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলো।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু কালিপদ মল্লিক বলেন, আইনের প্রতি সম্মান দেখিয়ে হরতাল প্রত্যাহার করে ৯৬ ঘণ্টার আল্টিমেটাম দেওযা হয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যদি খুনিদের ধরতে ব্যর্থ হয় এর দায়-দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।

আ’লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমির হোসাইন ভাণ্ডারীর ছেলে স্কুলছাত্র দেলোয়ার হোসাইন মোরছালিনের লাশ গত ২৫ আগস্ট বিএনপি দলীয় সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিনের মালিকানাধীন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল ও কলেজের পুকুর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আমির হোসাইন ভাণ্ডারী ওই দিন রাতেই নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি’র সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও তার তিন ছেলেসহ ১৩ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঢাকা, ০৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ