গণপিটুনি দিয়ে নিরাপরাধ মানুষ হত্যায় বিএনপি-জামায়াতের নেতাকর্মী জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, গণপিটুনি, ধর্ষণ, বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা নিছক দুর্ঘটনা নয়। এক স্থানে এসব হলে ১০ স্থানে হয়। এসব বিএনপি-জামায়াতের নিখুঁত কাজের উদাহরণ।

আজ সোমবার (২২ জুলাই) দুপুরে নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

দেশবাসীকে উদ্দেশ করে মন্ত্রী আরও বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। কোথাও কোনও অপরাধ সংগঠিত হলে অপরাধীকে পুলিশে দিতে হবে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।’

আইনমন্ত্রী বলেন, কিছু দিন আগে পদ্মা সেতুতে মাথা লাগবে দেশে এ ধরনের একটি গুজব ছড়িয়েছিল। আর এই গুজবের কারণে দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনিতে হতাহতের ঘটনা ঘটছে।

সাংবাদিকদের সঙ্গে কথা শেষে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন আইনমন্ত্রী।

সমিতির সভাপতি আইনজীবী সিতাংশু বিকাশ আচার্য্যর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক খান মুকুলের পরিচালনায় মতবিনিময়ে অংশ নেন সংসদ সদস্য অসীম কুমার উকিল (নেত্রকোনা-৩), সংরক্ষিত মহিলা আসনের হাবীবা রহমান খান শেফালী, জেলা ও দায়রা জজ আবু মো. আমিমুল এহসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহ্জাহান মিয়া প্রমুখ।

এএস