রাজধানীতে সোমবার মধ্যরাতে পৃথক ২টি সড়ক দুর্ঘটনা দুই চালক নিহত হয়েছেন। এদের মধ্যে একজন রিকশা চালক এবং অন্যজন অটোরিকশা চালক।
নিহত দুইজনের মধ্যে একজন হলেন- রিকশা চালক মো. শাহজাহান। তিনি ভোলা সদর উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে। ঢাকায় তিনি পল্লবীর দুয়ারী পাড়াতে থাকতেন। নিহত অন্যজন হলেন- অটোরিকশা চালক ইসলাম শিকদার। বাবার নাম মুক্তার শিকদার, বাড়ি নরসিংদীর মনোহরদী থানায়। তিনি রাজধানীর মানিকনগরের মুগদা এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, সোমবার রাত একটার দিকে মিরপুর ১নং গোল চত্বরসংলগ্ন মরণ চাঁদ মিষ্টির দোকানের সামনে বেপরোয়া ট্রাকের চাপায় নিহত হন রিকশা চালক শাহজাহান। ভোরের দিকে শাহজাহানের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে সোমবার রাত সাড়ে ৩টার দিকে মতিঝিলের আল হেলাল পুলিশ বক্সসংলগ্ন রাস্তায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হন অটোরিকশা ইসলাম শিকদার।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজিবিডিডটকম) // ইএইচ[/b]