মানুষের মধ্যে নৈতিকতা সৃষ্টির ক্ষেত্রে সাংবাদিকদের ভুমিকা রাখার আহ্বান জানিয়ে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলার সাহস সাংবাদিকদের থাকতে হবে।’
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন বিদ্যুৎমন্ত্রী।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘আপনাদের কলমের মাধ্যমে মানুষ ভালো কাজে উৎসাহিত হয়। এতে সমাজে ইতিবাচক ধারণার জন্ম নেয়। ভালো মানুষগুলো আরো উৎসাহিত হয় এবং এতে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে।’
ডিআরইউ নতুন ভবন উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী অন্য নেতাদের নিয়ে পুরো এলাকা ঘুরে দেখেন। এরপর ‘নসরুল হামিদ মিলনায়তন’-এ অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।
সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে নসরুল হামিদ বিপু বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে সাংবাদিকদের নৈতিক দায়িত্ব রয়েছে। সাংবাদিকদের এজন্য ভালো পরিবেশ দরকার। এখন ভালো পরিবেশের কারণে আপনারা আরো ভালো সংবাদ পরিবেশন করতে পারবেন।’
এ সময় প্রতিমন্ত্রী তাঁর দপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, ‘বরাবরের মতো এবারও সরকারের বার্ষিক প্রতিবেদনে বিদ্যুৎ বিভাগ প্রথম হয়েছে।’
নসরুল হামিদ বলেন, ‘ডিআরইউ নতুন ভবনটি নির্মাণের ক্ষেত্রে স্মার্ট থিঙ্কিং করা হয়েছে। ভবনটি নির্মাণের আগে অন্য রকম চিন্তা ছিল। কিন্তু এখন নতুন এই ভবনটি দেখে আমিই অবাক হয়ে গেছি। অসাধারণ সুন্দর ভবন নির্মাণ করা হয়েছে। শুধু আমার নয়, সবার সম্মিলিত প্রচেষ্টাতেই এই ভবন নির্মাণ করা সম্ভব হয়েছে।’
সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গঠনে সাংবাদিকরা অন্যতম অনুষঙ্গ। আপনারা সর্বদা সত্য ও সুন্দরের পক্ষে থাকবেন। দেশের উন্নয়ন ও স্বাধীনতা নিয়ে অপপ্রচারে যারা লিপ্ত তাদের বিরুদ্ধে দাঁড়াবেন। আপনাদের কলমের মাধ্যমে সরকারের উন্নয়ন তুলে ধরুন।দেশের উন্নয়ন সফলতার সংবাদ সারা বিশ্বে একমাত্র আপনারাই পারেন পৌঁছে দিতে।’
এ সময় পলক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি ‘ডিজিটাল কম্পিউটার ল্যাব’ প্রতিষ্ঠার ঘোষণা দেন।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন, ‘একটি সময় ছিল যখন বাংলাদেশের মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ, ডিজিটাল সেবা শুধু স্বপ্নই নয়, ভাবনারও বাইরে ছিল। আজ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে বিদ্যুৎ ও ডিজিটাল সেবা। এখন আর কোনো লোডশেডিং নেই। হাত বাড়ালেই ডিজিটাল সব সেবা।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শফিকুল করিম সাবু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ প্রমুখ।
এএইচ





