বান্দরবানে স্থানীয় রাজারমাঠে মাসব্যাপী পাটপণ্য ও হস্তশিল্প মেলার নামে জুয়ার আসর বসেছে। এতে বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে ভিড় জমাচ্ছে স্কুলপড়ুয়া শিশু-কিশোরেরাও। মাঠের নিরাপত্তায় পুলিশি প্রহরার ব্যবস্থা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই চলছে জুয়া খেলা।

মাঠের উত্তর-পশ্চিম পাশে একটি স্টলে শিশু-কিশোরদের ভিড়। ভেতরে পাঁচজন জুয়াড়ি তাদের পসরা সাজিয়ে বসেছে। টেবিলে সাজানো বিভিন্ন ছবির উপর বাজি ধরলে দ্বিগুণ বা তিনগুণ টাকা জেতা যায়।

খেলতে আসা ডনবস্কো স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র মংক্যথোয়াই মারমা জানায়, সে স্কুলে শুনেছে রাজার মাঠের মেলায় এক শ’ টাকা দিয়ে ‘সাবান খেলা’ খেললে তিন শ’ টাকা পাওয়া যায়। তাই সে বেশি টাকা জেতার আশায় এখানে এসেছে।

জুয়ার পসরা সাজিয়ে বসা কয়েকজনের মধ্যে শফিকুর রহমান নামের একজন জানান, তারা মেলার আয়োজকদের কাছ থেকে দৈনিক তিন হাজার টাকা ভাড়ায় স্টল নিয়েছেন। নির্বিঘ্নে জুয়া খেলা চালাতে পারলে মেলার মাঠে কর্মরত পুলিশ সদস্যদেরও তারা কিছু ‘উপরি’ দিতে চান।

এ ব্যাপারে মেলার আয়োজক ডেভেলপমেন্ট পেট্রোনাইজিং সোসাইটি (ডিপিএস) কর্মকর্তা ইকবাল মাহমুদ মোবাইল ফোনে জানান, তিনি বর্তমানে ঢাকায় আছেন। নারী উদ্যোক্তাদের হস্তশিল্পজাত পণ্যের প্রচার-প্রসারের উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হয়। কেউ সেখানে স্টল ভাড়া নিয়ে জুয়ার আসর বসালে সেটা দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর।

সদর থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) আমির হোসেন জানান, মেলার মাঠে জুয়া খেলা চালানোর কোনো অনুমতি নেই। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ৩ অক্টোবর বান্দরবান শহরের রাজারমাঠে এই মেলা শুরু হয়। বান্দরবান চেম্বার অব কমার্স ও উইম্যান চেম্বারের সহযোগিতায় মেলাটির আয়োজন হলেও উইম্যান চেম্বারের একাধিক নেত্রী এই মেলার আয়োজন সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

কেএইচ