চুয়াডাঙ্গায় ঢাকাগামী নৈশকোচ রয়্যাল এক্সপ্রেস পরিবহনের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, যাত্রীবাহী নৈশকোচ রয়্যাল এক্সপ্রেস আলমসাধু, পাখিভ্যান এবং মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডাদুয়া গ্রামের নিতাই হালদারের ছেলে ষষ্টি হালদার (৪০), খাড়াগুদা গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মিলন হোসেন (৩০), তিতুদহ গ্রামের পিয়াস আলীর ছেলে রাজু আহমেদ (৩৫), একই গ্রামের লুতা মণ্ডলের ছেলে সোহাগ হোসেন (২৮), হায়দার আলীর ছেলে কালু মন্ডল (৪০) এবং রহিম মন্ডলের ছেলে শরিফ হোসেন (৪০)। নিহতরা আলমসাধু, পাখিভ্যান এবং মোটরসাইকেলের আরোহী ছিলেন।

অপরদিকে, আহতরা হলেন- সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের বজলুর রহমানের ছেলে পথচারী বাবলুর রহমান (৩৫), তিতুদহ গ্রামের আলমসাধু আরোহী খোদাবক্স আলীর ছেলে আকাশ হোসেন (২৮) এবং রহিম মণ্ডলের ছেলে জুম্মাত আলী (৩০)। আহতদেরকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছেন। খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারিকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো: ফখরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালের ভর্তি করেছি। তিনি বলেন, আলমসাধু, পাখিভ্যান, মোটরসাইকেল সঠিক পথ দিয়ে যাচ্ছিল। কিন্তু নৈশকোচটি ভুল পথে গিয়ে তাদেরকে ধাক্কা দিয়েছে। ইতোমধ্যে নৈশকোচটি আটক করা হয়েছে। নৈশকোচের চালক ও সহকারীকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এমবি